ক্যাম্পাস

এশিয়া র‌্যাঙ্কিংয়ে নোবিপ্রবি ৬০১-৮০০ ব্যান্ডে

টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৬-এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ৬০১-৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে। এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল এ সাফল্যের জন্য নোবিপ্রবির শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এই অর্জন যেন দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলে, সে লক্ষ্যে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ অব্যাহত রাখা হবে।”

তিনি আরো জানান, ২০২৫ সালে নোবিপ্রবি থেকে স্কোপাস-ইনডেক্সে ৫৪৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সর্বোচ্চ। দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তুলনায়ও এটি উল্লেখযোগ্য অর্জন।

বিবৃতিতে উপাচার্য বলেন, “নোবিপ্রবিকে আরো এগিয়ে নিতে বিশ্বমানের শিক্ষক ও গবেষকদের আকৃষ্ট করতে কৌশলগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব দিয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অধীনে পেটেন্ট অর্জনের লক্ষ্যেও কাজ চলছে।”