ক্যাম্পাস

রাকসু জিএস সালাউদ্দিন আম্মারকে সতর্ক করলেন ছাত্রদল সভাপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “সালাউদ্দিন আম্মারকে স্মরণ করিয়ে দিতে চাই, ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেলা বা মহানগর ইউনিটেই সীমাবদ্ধ নয়। তার জন্মস্থানসহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর ও উপজেলায় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী রয়েছে।”

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি আরো লেখেন, “৫ আগস্টের পর সালাউদ্দিন আম্মারদের আবির্ভাব হলেও ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিল। তারা নির্যাতিত ও নিপীড়িত। অথচ সেই কর্মীদের নিয়েই এখন অশালীন ভাষায় মন্তব্য ও চরিত্রহনন করা হচ্ছে।”

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীসহ ছাত্রসমাজের কাছে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে যে ছাত্রসংগঠন আম্মারকে ‘বি টিম’ হিসেবে ব্যবহার করছে, তাদের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি।”

রাকিব আরো উল্লেখ করেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার মুহূর্তেও সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। অতীতে তিনি জিয়া পরিবার নিয়ে অশালীন মন্তব্য করেছেন এবং সাম্প্রতিক পোস্টেও ছাত্রদলকে কটূক্তি করেছেন।”

অন্যদিকে, রাকিবুল ইসলাম রাকিবের ওই পোস্ট শেয়ার করে সালাউদ্দিন আম্মার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, “উপরে আল্লাহ আর নিচে আমি, এর মাঝে কোনো ভয় নেই, রাকিব সাহেব। আল্লাহর জিনিস আল্লাহ সময়মতো নিয়ে যাবেন। আপনার বয়স হয়েছে, এই বয়সে এসে জালিমের খাতায় নাম না উঠুক। আল্লাহ সবাইকে ভালো চিন্তা করার তাওফিক দান করুন।”

দুই পক্ষের এ পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে ক্যাম্পাসে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।