ক্যাম্পাস

রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৬ শিক্ষার্থী

কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১২ বিভাগের ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—দর্শন বিভাগের আতিয়া সাকেরা সহীহ ও মো. আলমগীর হোসেন, ইতিহাস বিভাগের লতিফা খাতুন ও মাহফুজা সুলতানা মুক্তা, ইংরেজি বিভাগের মো. আসাদুজ্জামান রাফি, বাংলা বিভাগের সাবরিনা মমতাজ রিপা ও পলি রানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছা. ফাতেমা নাসরিন, আরবি বিভাগের মো. মাহমুদুল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের উম্মে হাবিবা, সংগীত বিভাগের অনিন্দিতা আলমগীর, নাট্যকলা বিভাগের মেফতাহুন নাহার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের খায়রুন নাহার আলো, সংস্কৃত বিভাগের জাকিয়া সুলতানা ও মনিরা আক্তার এবং উর্দু বিভাগের মনিজা আক্তার।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংগীত বিভাগের শিক্ষার্থী অনিন্দিতা আলমগীর বলেন, “আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমার পরিশ্রম সফল হয়েছে। এই পথচলায় যারা পাশে ছিলেন, বিশেষ করে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের ধন্যবাদ জানাই। ডিনস অ্যাওয়ার্ড পেয়ে আমি ভীষণ আনন্দিত।”

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন বলেন, “একটি লক্ষ্য অর্জনে ধৈর্য, পরিশ্রম এবং মোটিভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তার মতে, ডিনস অ্যাওয়ার্ড এমন একটি প্রেরণাদায়ক উদ্যোগ, যা শিক্ষার্থীদের এগিয়ে যেতে উৎসাহিত করে।

তিনি আরো বলেন, “যারা এই অ্যাওয়ার্ড পেয়েছ, তারা অবশ্যই মেধাবী ও পরিশ্রমী। তোমরা বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থী হিসেবে যে সম্মান অর্জন করেছ, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে, এটাই প্রত্যাশা।”

সমাপনী বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, “পুরস্কারপ্রাপ্তদের জন্য দিনটি বিশেষ অর্জনের, আর যারা পায়নি তাদের জন্য এটি অনুপ্রেরণার। যারা এবার পুরস্কৃত হতে পারেনি, তারা যেন নিরাশ না হয়ে নিয়মিত চেষ্টা চালিয়ে যায়, অধ্যবসায় থাকলে সফলতা আসবেই।

তিনি আরো আশা প্রকাশ করেন, “পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় উপাচার্য উপস্থিত থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করা হয়।

কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার, সাবেক ডিন অধ্যাপক ফজলুল হকসহ বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।