শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন, নারী ক্ষমতায়ন, যুব নেতৃত্ব বিকাশ এবং শিল্পখাতের সঙ্গে একাডেমিক সংযোগ জোরদারের লক্ষ্যে ‘আমরা নারী’ এবং ‘একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ (GarmentTechBD)’–এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃথক দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) এ চুক্তি সম্পন্ন হয়।
সমঝোতা স্মারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান এবং GarmentTechBD–এর স্ট্র্যাটেজিক পার্টনার ড. হেনরি সু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিটের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ শরীয়ত উল্লাহ, ‘আমরা নারী’র কোষাধ্যক্ষ তাসনুভা আরেফিন এবং GarmentTechBD–এর উপদেষ্টা আবদুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় জ্ঞান বিনিময়, সক্ষমতা উন্নয়ন, উদ্ভাবন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যৌথ কার্যক্রম পরিচালনা করা হবে।
‘আমরা নারী’র সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব বিকাশ, জনস্বাস্থ্য সচেতনতা, গবেষণা, সাংস্কৃতিক কার্যক্রম এবং কমিউনিটি উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক, ইন্টার্ন বা প্রকল্প সহকারী হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং শিক্ষকরা উপদেষ্টা, প্রশিক্ষক, মেন্টর ও গবেষণা সহযোগী হিসেবে যুক্ত হতে পারবেন।
অন্যদিকে, GarmentTechBD–এর সঙ্গে সমঝোতার আওতায় শিক্ষার্থীদের জন্য সিমুলেশন, প্রশিক্ষণ, কর্মশালা, বুট ক্যাম্প, প্রতিযোগিতা, ই-লার্নিং, গবেষণা প্রকল্প এবং ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (DPP), সার্কুলার ইকোনমি উদ্যোগ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করবে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড সাপোর্ট ইউনিট (SPSU)।