ক্যাম্পাস

সমাজ ও মানুষের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করতে হবে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, “শিক্ষার্থীদের দ্বারা সমাজ ও মানুষ যেন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়- সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

সোমবার (২৭ এপ্রিল) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী বিশাখা দত্ত এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের ১ম বর্ষের শিক্ষার্থী প্রথমা গাঙ্গুলী নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য শিক্ষার সমান সুযোগ রয়েছে। সময় ও সুযোগের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো মানুষ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।”

পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দক্ষতা অর্জন ও যুগোপযোগী গ্র্যাজুয়েট হিসেবে প্রস্তুত হওয়ার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান| শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ না থেকে সহ-শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।

সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।