শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হয়েছে অনলাইন পেমেন্ট পদ্ধতি। এখন থেকে শিক্ষার্থীরা ঘরে বসেই পেপারলেস উপায়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি পরিশোধ করতে পারবেন।
সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংকের সহযোগিতায় এ পদ্ধতি কার্যকর করা হয়।
নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা সোনালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ফি সহজেই পরিশোধ করতে পারবেন। এরপর বাকি প্রক্রিয়া সম্পন্ন করবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টস অফিস।
এ বিষয়ে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, “এখন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পেমেন্ট অনলাইনেই সম্পন্ন করতে পারবে। কোনো স্লিপ জমা দিতে হবে না, অ্যাকাউন্টস বিভাগ বাকি কাজ করবে। এর মাধ্যমে দীর্ঘদিনের লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার ভোগান্তির অবসান হলো।” তবে তিনি জানান, অগ্রণী ব্যাংকের মাধ্যমে পূর্বের অ্যানালগ পদ্ধতিও আপাতত চালু থাকবে।
তিনি আরো বলেন, “অনলাইন পেমেন্ট চালু করা ছিল তাদের অন্যতম ইশতেহার এবং পুরো বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে অটোমেশন ব্যবস্থায় আনার কাজ চলছে।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “এখন শিক্ষার্থীরা ঘরে বসেই পেমেন্ট করতে পারবে, আর বাকি কাজ করবে অ্যাকাউন্টস অফিস। এতে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আমরা আশা করছি।”
অনলাইন ব্যাংকিং সংক্রান্ত এক বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, চাকসুর প্রতিনিধি এবং সোনালী ব্যাংকের হাটহাজারী ও চট্টগ্রামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ২০২৪ সালের ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন সোনালী ব্যাংক পিএলসি’র সঙ্গে সমঝোতার মাধ্যমে অনলাইন পেমেন্ট চালু করলেও তখন শিক্ষার্থীদের পেমেন্টের পর পিডিএফ প্রিন্ট করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হতো। ফলে কাঙ্ক্ষিত সুবিধা মিলেনি। নতুন পদ্ধতিতে সেই জটিলতা দূর হয়েছে।
শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এখন সব ধরনের ফি সহজেই পরিশোধ করতে পারবেন। লিংকে (https://billpay.sonalibank.com.bd/CUFee/Home/About)।