ক্যাম্পাস

সোনারগাঁও ইউনিভার্সিটি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত

সোনারগাঁও ইউনিভার্সিটির উদ্যোগে ‘এসইউ ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডে অবস্থিত ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল আজিজ। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক আব্দুল আলিম।

আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারি শিপু, উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম, সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ, ওয়ালটন গ্রুপের মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত নির্বাহী পরিচালক রাবিউল ইসলাম মিল্টন এবং ইউনিভার্সিটির সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় তাজ নেহার, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার মাহফুজুর রহমান রাব্বিসহ বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-১৯ দল ও অন্যান্য ক্যাটাগরির ফুটবল খেলোয়াড়রা—যারা সোনারগাঁও ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ডিভিশনের পরিচালক মেহরাব হোসাইন জসি।

সোনারগাঁও ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে বিভিন্ন বিভাগ থেকে ১২টি দল নিয়ে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো আয়োজনটি আরো প্রাণবন্ত হয়ে উঠে।