ক্যাম্পাস

ঢাবিতে দুই ট্রাস্ট ফান্ডে ১৬ শিক্ষার্থীকে বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বীর মুক্তিযোদ্ধা মো. নূর-উজ-জামান’ ও ‘বীর মুক্তিযোদ্ধা আমেনা জামান’ স্মৃতি ট্রাস্ট ফান্ডের আওতায় দুই শিক্ষাবর্ষের বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাসহ দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামানের উদ্যোগে ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এই ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠিত হয়। সাধারণত প্রতি বছর চারজন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হলেও বিশেষ সিদ্ধান্তে ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এই দুই শিক্ষাবর্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের মোট আটজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। একইভাবে ড. নীরু কামারুন নাহারের গঠিত আরেকটি ফান্ড থেকে পদার্থবিজ্ঞান বিভাগের আটজন মেধাবী শিক্ষার্থীও বৃত্তি পেয়েছেন। এই ক্ষেত্রেও ট্রাস্টি বোর্ডের সুপারিশ অনুযায়ী বৃত্তির পরিমাণ বাড়িয়ে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে দুই শিক্ষাবর্ষে মোট ১৬ জন শিক্ষার্থী এই বৃত্তির আওতায় এসেছে, যার মোট অর্থের পরিমাণ প্রায় আড়াই লাখ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, প্রাপ্ত বৃত্তি যেন তারা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের মেধা ও দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখে।

তিনি আরো বলেন, “এ ধরনের ট্রাস্ট ফান্ড কেবল আর্থিক সহায়তা নয়; বরং বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা দীর্ঘমেয়াদে শিক্ষা ও মানবিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।”