শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম আরো জোরদার করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ৩টায় ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে উপস্থিত ছিলেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর। ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পক্ষে প্রধান বিজ্ঞানী মো. লতিফুল বারী এবং গোবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের ডিন মো. শরাফত আলী এবং কৃষি অনুষদের ডিন জিলহাস আহমেদ জুয়েল।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিভিন্ন সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন।