ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে প্রায় ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘২য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড–২০২৬’ আয়োজন করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়ানো এবং অধিকার রক্ষার মানসিকতা গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় একযোগে ঢাকার বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে প্রতিটি কেন্দ্রে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা মানবাধিকার বিষয়ে সচেতনতার নানা বার্তা তুলে ধরে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম।
এ বিষয়ে এইচআরএসএসের নির্বাহী সম্পাদক ইজাজুল ইসলাম বলেন, “মানবাধিকার বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনই নয়, মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অনুপ্রেরণাও পাবে।”
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার অধ্যাপক মো. শরীফুল ইসলাম এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, “বর্তমান বিশ্বে মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতন ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই। এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশের পাশাপাশি ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”