ক্যাম্পাস

জাবিতে শ্রমিক সম্মাননা ও ক্রীড়া উৎসব

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলে কর্মরত স্টাফ ও অধীনস্থ দোকানপাটের কর্মচারীদের অংশগ্রহণে ‘শ্রমিক সম্মাননা ও ক্রীড়া উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে হল ছাত্রসংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

আয়োজকরা জানান, সকাল সাড়ে ৮টায় হল প্রাঙ্গণে উৎসবের সূচনা হয়। হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক আসিফ হাসানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ আয়োজনে হলের কর্মচারী এবং বটতলার দোকান মালিক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ বিষয়ে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. মেহেদী হাসান বলেন, “সারাবছর হলের স্টাফ ও বটতলার দোকান কর্মচারীরা নিরলসভাবে আমাদের সেবা দিয়ে যান। তাদের সেই শ্রমের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ।”

তিনি আরো বলেন, “এর মাধ্যমে শ্রমজীবী মানুষদের সঙ্গে শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ আরো দৃঢ় হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের যৌক্তিক দাবিতে ছাত্রসমাজ পাশে থাকবে।

হল সংসদের সহ-সভাপতি (ভিপি) আসিফ মিয়া বলেন, “হলের সার্বিক পরিবেশ সুন্দর রাখতে কর্মচারীদের অবদান অনস্বীকার্য। তাদের পরিশ্রমেই আমাদের দৈনন্দিন জীবন সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়। তাই মে দিবসে তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আশা প্রকাশ করেন, “এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”