ক্যাম্পাস

ঢাবিতে ‘ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট’ বিষয়ক দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এবং ইউএটিএফএস-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘Financial Management for Dhaka University HEAT Sub-Project’ শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

হিট সাব-প্রজেক্টের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক এম রেজাউল ইসলাম এবং হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. খোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জাবেদ আলম মৃধা।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের ১৫টি সাব-প্রজেক্টের গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল ও ফলপ্রসূ করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, কেবল বাজেট দ্রুত ব্যয় করাই সাফল্যের মাপকাঠি নয়; বরং মানসম্মত গবেষণা পরিচালনা এবং আন্তর্জাতিক মানের জার্নালে, বিশেষ করে কিউ-ওয়ান জার্নালে গবেষণাপত্র প্রকাশই প্রকৃত সাফল্যের নির্দেশক।

তিনি আরো বলেন, “জটিল হিসাবরক্ষণ ও আর্থিক বিধিনিষেধ অনেক সময় গবেষকদের মূল কাজকে বাধাগ্রস্ত করে।” এ কারণে প্রশাসনিক দায়িত্ব দক্ষ সহকারীদের মধ্যে বণ্টনের পরামর্শ দেন তিনি। পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ ও গবেষণাবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রকল্পসংক্রান্ত নথি তৈরিতে ‘কাট-পেস্ট’ নির্ভরতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, “এতে ভুল তথ্য থাকার ঝুঁকি থাকে, যা গবেষণার মান ক্ষুণ্ন করতে পারে।” একই সঙ্গে বাজেট ব্যবস্থাপনা ও ব্যয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপরও জোর দেন তিনি।

এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ১৫টি সাব-প্রজেক্টের এসপিএম টিম, ম্যানেজমেন্ট কর্মকর্তারা, ইউএটিএফএস-এর সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।