চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের বিভিন্ন অব্যবস্থাপনা নিরসন এবং নিরাপত্তা জোরদারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ভয়েস অব স্টুডেন্ট’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘এ মুহূর্তে দরকার, শাটল ট্রেনের সংস্কার’, ‘ছাত্র মরে গরমে, প্রশাসন থাকে আরামে’, ‘মূলা না সংস্কার, সংস্কার সংস্কার’ ইত্যাদি।
কর্মসূচিতে ভয়েস অব স্টুডেন্টের সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং এসব সমস্যার দ্রুত সমাধান জরুরি।” শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত সময়সূচি বজায় রাখা এবং আধুনিক মানের বগি সংযোজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরো বলেন, “সোমবার (৪ মে) রেলওয়ের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক থেকে কার্যকর কোনো ফল না এলে শিক্ষার্থীরা চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।”