ক্যাম্পাস

হাবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থীদের ক্রীড়া উৎসব

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৫টায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. এনামউল্ল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক এস এম এমদাদুল হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক মো. মহিদুল হাসান এবং ইন্টারন্যাশনাল হলের হল সুপার অধ্যাপক মো. আদনান আল বাচ্চু।

এছাড়াও, অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা এবং দেশি-বিদেশি শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল হলের সহকারী হল সুপার অধ্যাপক মারুফ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. এনামউল্ল্যা বলেন, “খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে নেতিবাচক কার্যকলাপ থেকে দূরে থেকে সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেকে উজ্জীবিত রাখা সম্ভব।”

তিনি আরো বলেন, “বিদেশি শিক্ষার্থীরাও যেন দেশের শিক্ষার্থীদের মতো এই বিশ্ববিদ্যালয়কে নিজেদের প্রতিষ্ঠান হিসেবে মনে করে পড়াশোনা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।” পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্যও নিয়মিত ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপাচার্য বলেন, “শিক্ষার্থীরা যেন সুস্থ পরিবেশে খেলাধুলা, চিত্তবিনোদন ও পড়াশোনা সম্পন্ন করে ভবিষ্যতে বৈশ্বিক পরিমণ্ডলে ইতিবাচক অবদান রাখতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদেশি শিক্ষার্থীরা। তারা বলেন, “পরিবার থেকে দূরে থাকলেও বিশ্ববিদ্যালয়ই তাদের কাছে এখন পরিবার।” ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজন হবে, এমন প্রত্যাশার কথাও জানান তারা।