ক্যাম্পাস

ঢাবিতে আবাসন সংকট ও নির্যাতন ইস্যুতে ছাত্রদলের স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অতীতে গেস্টরুম ও গণরুমের নামে শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের বিচার এবং আবাসন সংকট নিরসনের দাবিতে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে রেজিস্ট্রার ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “অতীতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গেস্টরুম ও গণরুমের নামে ভিন্নমতের শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এর ফলে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে।” তিনি এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।

তিনি আরো বলেন, “৫ আগস্ট-পরবর্তী সময়েও আগের প্রশাসনের কাছে একাধিকবার এ বিষয়ে দাবি জানানো হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।” বর্তমান প্রশাসনের কাছে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।