আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) হারিয়ে ফাইনালে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের ইনডোর কোর্টে অনুষ্ঠিত ম্যাচে ইবি ৬৬-৪৯ পয়েন্টে ঢাবিকে পরাজিত করে। ৪০ মিনিটের এই ম্যাচজুড়ে ইবির খেলোয়াড়রা নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক খেলা উপহার দেয়। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত ১৭ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
এর আগে গ্রুপ পর্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয় পেয়ে গ্রুপ সেরা হয় ইবি। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ অংশগ্রহণ না করায় ইবি ওয়াকওভার পায়। এবারের টুর্নামেন্টে মোট আটটি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। ফাইনাল ম্যাচ বুধবার (৬ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
দলের কোচ ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ডেপুটি ডিরেক্টর সিদ্দিকুর রহমান তুষার বলেন, “গতবার আমরা রানারআপ হয়েছিলাম। এবার নতুন উদ্দীপনা নিয়ে খেলছি এবং ফাইনালে উঠতে পেরেছি। খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফলই এই সাফল্য। আমরা আশা করছি, ফাইনালেও সেরা পারফরম্যান্স দিতে পারব।”