ক্যাম্পাস

চবি শাটলে পাথর নিক্ষেপ, আহত শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক ছাত্রী আহত হয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণে একপর্যায়ে তিনি জ্ঞান হারান।

মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার দিকে শহর থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেন ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। আহত ইসরাত ফাতেমা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকা পার হওয়ার সময় হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালা দিয়ে ভেতরে ঢুকে ইসরাতের কপালে আঘাত করে। এতে তার কপাল কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে সহপাঠীরা দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।

আহত শিক্ষার্থীর সহপাঠী মুনমুন বলেন, “ক্যান্টনমেন্ট পার হওয়ার পর পাশের পরিত্যক্ত মাঠে কিছু ছেলেপেলে প্রায়ই খেলাধুলা করে। ট্রেন আসলেই তারা বাইরে থেকে পাথর ছোড়ে। আজও তেমনই একটি পাথর এসে তার কপালে লাগে। পরে ফতেয়াবাদ এলাকায় পৌঁছানোর পর সে অজ্ঞান হয়ে পড়ে।”

চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. ফারহানা ইয়াসমিন জানান, আহত অবস্থায় তাকে এখানে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যথায় সে কাঁদছিল। তার কপালের ক্ষতে একটি সেলাই দেওয়া হয়েছে এবং তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, শাটল ট্রেনে যাতায়াতের সময় প্রায়ই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।