ঢাকাস্থ সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) নায়োকা মারটিনেজ বেকস্ট্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৬ মে) উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ততা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন ও জার্মানির সহায়তায় ইতোমধ্যে একাধিক পাবলিক কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে, যেখানে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জটিল বিষয়গুলো সহজভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।
এ উপলক্ষে একটি কর্মসূচি আয়োজনের বিষয়েও আলোচনা হয়, যেখানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও সিভিল সোসাইটি প্রতিনিধির অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচিতে আন্তর্জাতিক অংশীদারদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সম্পৃক্ততা থাকবে বলে আশা করা হচ্ছে।
উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”