ক্যাম্পাস

ইবিতে ৩৩ জেলার বৈচিত্র নিয়ে ৩ দিনব্যাপী ‘বাংলাদেশী উৎসব’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশী উৎসব’। গত সোমবার (৪ মে মে) থেকে বুধবার (৬ মে) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ৩ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্যের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্য উঠে আসে স্টলে স্টলে।

বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সমিতির অংশগ্রহণে মোট ৩৩টি স্টলে নিজ নিজ জেলার বিশেষ পণ্য, ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়। পাশাপাশি প্রতিদিন বিকেলে ছিল ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন। এতে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিতর্ক, কবিতা আবৃত্তি, গান ও লোকসঙ্গীত পরিবেশন করেন।

উৎসবের আয়োজক সংগঠন অভয়ারণ্যের সভাপতি নাঈমুল ফারাবী বলেন, “দেশের জিআই পণ্য ও আঞ্চলিক ঐতিহ্যকে একসঙ্গে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন জেলার বিখ্যাত খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন, যা আমাদের জন্য বড় অর্জন।”