ক্যাম্পাস

জাবিতে ছাত্রদলের উদ্যোগে লাইভ বাস ট্র্যাকিং চালু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত আরো সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরসংলগ্ন সড়কে এই অ্যাপভিত্তিক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতারা জানান, প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এ প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। রাজধানীর বঙ্গবাজার থেকে ক্যাম্পাসগামী সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ৮টার বাসে শুরুতে এই সুবিধা পাওয়া যাবে। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বাসে এ ট্র্যাকিং সিস্টেম চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে নির্দিষ্ট স্টপেজে বাস পৌঁছানোর সম্ভাব্য সময় সহজেই জানা যাবে। এছাড়া যানজট বা অন্য কোনো কারণে বাস চলাচলে বিলম্ব হলে অ্যাপের নোটিফিকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের আগেই জানিয়ে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “দীর্ঘদিন ধরে বাস কোথায় আছে, কখন আসবে, এই মৌলিক তথ্যের অভাবে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছিল। এই অ্যাপ চালুর ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে।”

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান উদ্যোগটির প্রশংসা করে বলেন, “শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ সময়োপযোগী। মূলত এ ধরনের সেবা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। তবে শিক্ষার্থীদের স্বার্থে জাবি ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি এ উদ্যোগকে স্বাগত জানাই।”