ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।
রবিবার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।
দুপুরে সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নিজেই গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।
সাংবাদিকদের তিনি বলেন, “ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। মাত্রই পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি। আমি এই মুহূর্তে কিছুটা বিশ্রামে থাকতে চাই। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।”
পদত্যাগপত্রে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতা করবেন। এছাড়াও, গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য সম্মানের ছিল। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য সহকারী প্রক্টর, প্রক্টর অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, শুভানুধ্যায়ী এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উপাচার্যের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান তিনি এবং ভবিষ্যতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সেবা করার আশা ব্যক্ত করেন।
এদিকে প্রক্টরের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি জানিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “প্রক্টরের বিষয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব।”