বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। ফলে এখন থেকে বাকৃবির শিক্ষার্থীদের পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীরাও এখান থেকে আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
শনিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টায় ব্রহ্মপুত্র নদের তীরে বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ বিষয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। পাশাপাশি শুধু বাকৃবির শিক্ষার্থী নয়, সমগ্র ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীরা যেন এখানে এসে পরীক্ষায় অংশ নিতে পারে, সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “এই রেজিস্ট্রেশন সেন্টারের প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে। কারণ পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই নিরাপত্তা বজায় না থাকে এবং মানুষ আস্থা হারিয়ে ফেলে, তাহলে পুরো প্রক্রিয়াই ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি আরো বলেন, “ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষাকে শুধু মাতৃভাষা হিসেবে নয়, আন্তর্জাতিক যোগাযোগ, শিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও বিবেচনা করে। আমরা ইংরেজিকে বৈশ্বিক জ্ঞান অর্জনের একটি সেতুবন্ধন মনে করি। একই সঙ্গে মাতৃভাষা ও অন্যান্য ভাষার প্রতিও সমান শ্রদ্ধাশীল এবং প্রতি বছর বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করি।”
বাকৃবির উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “ব্রিটিশ কাউন্সিল ও আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্ক গড়ে উঠবে বলে আমি প্রত্যাশা করি। আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের মাধ্যমে আজ আমরা সেই যাত্রা শুরু করলাম। ভবিষ্যতে একসঙ্গে আরো গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া এবং স্টিফেন ফোর্বস। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক মো. সামছুল আলম, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক মো. বাহানুর রহমানসহ বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।