ক্যাম্পাস

ঢাবিতে শাখা শিবিরের উদ্যোগে ‘বটতলায় কুরআন সন্ধ্যা’

ঐতিহাসিক ‘কুরআন দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বটতলায় কুরআন সন্ধ্যা’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাবি শাখা।

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় বাদ আসর শুরু হওয়া এ আয়োজনের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি।

অনুষ্ঠানে বক্তব্যে রেজাউল করিম শাকিল বলেন, “ঐতিহাসিক কুরআন দিবসের প্রেক্ষাপট আমাদের জন্য সবসময়ই অনুপ্রেরণার। বিগত ফ্যাসিবাদী শাসনামলে এই ক্যাম্পাসেই কুরআন তিলাওয়াত বা গণইফতার আয়োজনের কারণে শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করে হেনস্তা করা হয়েছে। আজ সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে ক্যাম্পাস মুক্ত হয়েছে।”

সভাপতির বক্তব্যে মুহা. মহিউদ্দিন খান ১৯৮৫ সালের ‘কুরআন দিবসের’ প্রেক্ষাপট স্মরণ করে বলেন, “কুরআনের পক্ষের শক্তি যেমন বিশ্বজনীন, এর শত্রুরাও বিশ্বজনীন। ১৯৮৫ সালে কুরআনবিদ্বেষী শক্তির গুলিতে যারা শাহাদাত বরণ করেছিলেন, তাদের মহান কুরবানির প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই আয়োজন।”

বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বটতলা ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সুমধুর তিলাওয়াতে পুরো বটতলা এলাকায় আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রথিতযশা ক্বারী ও শিল্পীরাও অংশ নেন। তারা পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং ইসলামী সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষে ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আজহারীর তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) এজিএস মুহা. মহিউদ্দিন খান। এতে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক, সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।