ক্যাম্পাস

হামে শিশুমৃত্যু ও সীমান্তে হত্যার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড এবং স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনার কারণে হামে শিশুমৃত্যুর প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি। এ সময় সীমান্ত হত্যা বন্ধ ও স্বাস্থ্যখাতে জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানান তারা।

মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা অব্যাহত থাকলেও এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। তারা সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক পরিসরে এসব হত্যাকাণ্ডের বিচার চাওয়ার আহ্বান জানান।

জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যকরী সদস্য ও ছাত্রশক্তির প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতি বলেন, “কোনো কারণ ছাড়াই সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করা হচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি বন্ধে সরকারকে দ্রুত কূটনৈতিক ও আইনি উদ্যোগ নিতে হবে।”

স্বাস্থ্যখাতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, “অব্যবস্থাপনা ও টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে হামে শিশুমৃত্যু বাড়ছে। এ সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”

সমাপনী বক্তব্যে জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, “হামে শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক বিতর্কে না গিয়ে টিকাদান কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্যখাতে কার্যকর উদ্যোগ নেওয়াই এখন সবচেয়ে জরুরি।”

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে শুধু আনুষ্ঠানিকতা নয়, কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।”

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্ত হত্যা বন্ধ এবং স্বাস্থ্যখাতে জবাবদিহিতা নিশ্চিত না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।