ক্যাম্পাস

ইবিতে শেষ হলো ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব

দেশের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান উৎসব।

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে পূবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতা এবং সোহান’স কোচিংয়ের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার (১২ মে) এ রুবিক্স কিউবসহ বিভিন্ন জ্ঞানভিত্তিক প্রতিযোগিতাসহ পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ আয়োজন শেষ হয়।

প্রথম দিন বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। পরে একযোগে এক্সিবিশন হলে প্রজেক্ট শোকেস, সায়েন্স গ্যালারিতে পোস্টার প্রেজেন্টেশন, সেমিনার কক্ষে থ্রি মিনিট প্রেজেন্টেশন এবং ইনডোর গেমস রুমে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর মূল অডিটোরিয়ামে সায়েন্স বিঙ্গো এবং থিয়েটার রুমে ৪ডি ও ৯ডি মুভি শো অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনে বিজ্ঞান অলিম্পিয়াড ও রুবিক্স কিউব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ক্যাম্পাসজুড়ে ট্রেজার হান্ট এবং বিকেলে মুভি শোর আয়োজন করা হয়। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

আয়োজক ও বিভিন্ন প্রকল্প নিয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সায়েন্স ক্লাবের এ আয়োজন পূর্ণতা পেত না, যদি বিভিন্ন স্কুল-কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা এখানে অংশগ্রহণ না করত। আশির দশকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আর এখন যারা পড়ছে, তাদের চিন্তায় বড় পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের পেছনে বিজ্ঞানের জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার হলো বিজ্ঞান।”

তিনি আরো বলেন, “উদ্ভাবনী চিন্তা, জ্ঞানচর্চা এবং সেই জ্ঞান কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শুধু পাঠমুখী নয়, গবেষণামুখী হওয়া উচিত। এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জুনাইদুল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক জাহাঙ্গীর আলম। ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ খান এবং ‘চিফ প্যাট্রন’ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক শাহজাহান আলী।