ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে আকদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় চিকিৎসক। বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি ব্যবসায়ী আয়ুব আলী ফরায়েজি ও রুকসানা পারভীন আসমার মেয়ে। আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।
এদিকে আকদ সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সাদিক কায়েমকে শুভেচ্ছা জানিয়েছেন।আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ডাকসুর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীরা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।