ক্যাম্পাস

প্রযুক্তি উৎসবে মাতলো নটরডেম ইউনিভার্সিটি

উদ্ভাবন, প্রযুক্তি ও অ্যাকাডেমিক উৎকর্ষ উদযাপনকে কেন্দ্র করে নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশে (এনডিইউবি) শুরু হয়েছে ‘এনডিইউবি সিএসই ফেস্ট ২০২৬’।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বর্ণাঢ্য ও প্রাণবন্ত এক ক্যাম্পাস র‍্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। র‍্যালি শেষে বিশিষ্ট অতিথি ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি সিএসসি, সহ-উপাচার্য ড. ফাদার চার্লস বি. গর্ডন সিএসসি এবং রেজিস্ট্রার ড. ব্রাদার সুবাল লরেন্স রোজারিও সিএসসি। পরে প্রতীকীভাবে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

বক্তারা ভবিষ্যৎ কম্পিউটিং পেশাজীবীদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দায়িত্বশীল উদ্ভাবক তৈরিতে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্ষণাবেক্ষণ পরিচালক ফাদার এডমন্ড ক্রুজ সিএসসি, ডিন ড. অলোক কুমার চক্রবর্তী, ডেপুটি রেজিস্ট্রার ফাদার আশিম থিওটোনিয়াস গনসালভেস সিএসসি, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক ফাদার বাঁধন হিলারিয়াস রোজারিও সিএসসি এবং সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ. এইচ. এম. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, শুক্রবার (১৫ মে) স্টেম অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। শনিবার (১৬ মে) ৮৬টি বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইইউপিসি) এবং ‘বিয়ন্ড কোড: এথিকস, লজিক অ্যান্ড কম্পিটিটিভ প্রোগ্রামিং’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হবে।

তিন দিনব্যাপী এ উৎসব সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে।

এ প্রযুক্তিে উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম ও টেলিভিশন চ্যানেল স্টার নিউজ।