তরুণদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে ‘ওয়ান ম্যান আর্মি’-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘ক্যারিয়ার কম্পাস ২০২৬’।
শুক্রবার (১৫ মে) সফটওয়্যার টেকনোলজি পার্কে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ এবং আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক জ্ঞান, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত দিকনির্দেশনা লাভের সুযোগ পাবেন।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য সেশনগুলোর মধ্যে রয়েছে উদ্যোক্তা ও স্টার্টআপ উন্নয়ন, নেতৃত্ব ও কর্মক্ষেত্রে উৎকর্ষতা, জীবনবৃত্তান্ত প্রস্তুতি ও পেশাগত প্রোফাইল উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তি, সাক্ষাৎকার প্রস্তুতি এবং ক্যারিয়ারবিষয়ক কুইজ প্রতিযোগিতা।
আয়োজনটি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম রাইজিংবিডি ডট কম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণদের দক্ষ ও আত্মবিশ্বাসী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।