রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। মেলায় ৪২ জন নারী উদ্যোক্তা নিজেদের তৈরি ও উদ্ভাবিত পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত দুই দিনব্যাপী এই মেলা চলবে।
নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও, মেলার সঙ্গে সম্পর্কিত দর্শনার্থীদের তোলা ১০টি ছবি বাছাই করে পুরস্কৃত করা হবে।
মেলায় ৪২টি স্টলে অংশ নিয়েছেন ৪২ জন নারী উদ্যোক্তা। তারা নিজেদের উদ্ভাবিত ও তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা এবং ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, মেলার সঙ্গে সম্পর্কিত দর্শনার্থীদের তোলা ১০টি ছবি বাছাই করে পুরস্কৃত করা হবে।
রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, “নারী শিক্ষার্থীদের নিয়ে আজকের এই নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। এখানে উদ্যোক্তারা নিজেরাই পণ্য তৈরি করে বিক্রি করছেন। একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পথে তাদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা এগিয়ে যাচ্ছে, তাই আমরা তাদের উৎসাহিত করতে চাই।”
তিনি আরো বলেন, “রাকসুর মহিলা বিভাগের উদ্যোগে এ আয়োজন নারীদের আরও অনুপ্রাণিত করবে এবং উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে সহায়তা করবে।”
রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফছা বলেন, “রাকসুর মহিলা বিষয়ক বিভাগ ও নারী হল সংসদের উদ্যোগে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। নারী শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ে আগে অনেক মেলা হলেও শিক্ষার্থীদের নিয়ে এমন উদ্যোক্তা মেলা হয়নি। যারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, তাদের উৎসাহিত করতেই আমাদের এ আয়োজন। এখানে ৪২টি স্টলে ৪২ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বাইরের দর্শনার্থীরাও মেলা পরিদর্শন করতে পারবেন।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন বলেন, “রাকসুর কার্যক্রমের মধ্যে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। ক্যাম্পাসে এ ধরনের মেলা খুব বেশি দেখা যায় না। আমরা সাধারণত শিক্ষার্থীদের বিসিএস বা চাকরির বিষয়ে উৎসাহিত করি, কিন্তু উদ্যোক্তা হওয়াও একটি বড় সম্ভাবনাময় ক্ষেত্র। উদ্যোক্তারাই ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি করবে।”
উপ-উপাচার্য আরো বলেন, “শিক্ষার্থীদের নিয়ে এই উদ্যোক্তা মেলার আয়োজন তাদের ভালো উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে। যারা ইতোমধ্যে উদ্যোক্তা হয়েছেন, তারাও আরও ভালো করার সুযোগ পাবেন।”
উদ্যোক্তা মেলায় ‘বৈরাজ্য’ স্টলের উদ্যোক্তা বলেন, “রাকসুর উদ্যোগে আয়োজিত উদ্যোক্তা মেলা ২০২৬-এ আমি আমার ‘বৈরাজ্য’ স্টল প্রদর্শন করছি। এখানে বিভিন্ন সাহিত্যবিষয়ক বই পাওয়া যাচ্ছে।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের স্টলটি পরিদর্শনের আহ্বান জানান।
মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক, রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফছা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহানসহ রাকসুর অন্যান্য নেতারা।