ক্যাম্পাস

রুয়েটে আউটকাম বেজড এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আউটকাম বেজড এডুকেশন (ওবিই) বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে রুয়েট অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আযোজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে অংশগ্রহণ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুয়েট উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক বলেন, “শিক্ষার্থীদের অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন করার অভ্যাস তাদের মেধার বিকাশে সহায়ক হবে এবং উদ্ভাবন ও আবিষ্কারের পথে এগিয়ে নেবে।”

তিনি আরো বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি আউটকাম বেজড শিক্ষা শিক্ষার্থীদের সমন্বিতভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মো. কামরুজ্জামান, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মাহমুদ সাজ্জাদ এবং অধ্যাপক জি কে এম হাসানুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র সহকারী রেজিস্ট্রার ইঞ্জি. তাসনুভা হুমায়রা।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে সোমবার (১৮ মে) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও মঙ্গলবার (১৯ মে) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওবিই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।