ক্যাম্পাস

জকসুর উদ্যোগে জবিতে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। এতে ১০টি বিনামূল্যের মেডিক্যাল টেস্টসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

রবিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুরু থেকেই শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে ক্যাম্পে উপচে পড়া ভিড় দেখা যায়।

আয়োজকরা জানান, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা সিটি সাউথ শাখার সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়াই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আবদুল আলীম আরিফ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জকসুর উদ্যোগে এবারই প্রথম এত বড় পরিসরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।”

তিনি জানান, ক্যাম্পে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১২টি বুথে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিয়েছেন। মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনি, চর্মরোগ, ইএনটি, অর্থোপেডিক্স, চক্ষু ও হৃদরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা ব্যবস্থাপত্র প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় বেসিক মেডিসিন ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে সরবরাহ করা হয়।

জকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ বলেন, “শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। ৩০ জনেরও বেশি অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিচ্ছে। এটি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বৃহৎ মেডিক্যাল ক্যাম্প।”

ইতিহাস বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মোস্তফা শরীয়তুল্লাহ বলেন, “জকসুর এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে একসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় টেস্ট ও বেসিক মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে, যা অনেকের জন্য খুবই উপকারী। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তারা এখান থেকে সরাসরি উপকৃত হচ্ছেন।”

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, “অনেক শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতার কারণে সময়মতো ভালো চিকিৎসা নিতে পারেন না। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই আমরা এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। এখানে এক ছাদের নিচে শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাচ্ছেন, যা তাদের স্বাস্থ্যগত দুশ্চিন্তা অনেকটাই কমাবে।”

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে Hb%, RBS, HbA1c, TSH, Vit-D, CRP, Troponin-I, Urine Strip Test, ইসিজি ও ইউএসজি’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মেডিক্যাল পরীক্ষা বিনামূল্যে করা হয়। এছাড়া, ফিজিওথেরাপি সেবার ব্যবস্থাও রাখা হয়েছিল।

জকসুর আয়োজিত এই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ প্রদানের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে এ আয়োজন।