বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ও আন্তর্জাতিক একাডেমিক সংযোগ জোরদার করতে প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হয়েছে উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধাসম্পন্ন ‘স্টারলিং নেটওয়ার্ক’।
রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ৪১৭ নম্বর কক্ষে অবস্থিত সিআইআরবিএএস (সেন্টার ফর ইন্টিগ্রেটেড রিসার্চ ফর বিজনেস অ্যান্ড সোসাইটি) রিসার্চ ল্যাবের উদ্যোগে এই নেটওয়ার্ক স্থাপন করা হয়।
সিআইআরবিএএসের সদস্য আকাশ পিয়াম, মোস্তাকিম রশিদ, আশরাফ পারভেজ, সোহেল রানাসহ অন্যদের যৌথ প্রচেষ্টায় এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও সিআইআরবিএএসের সেক্রেটারি ড. শাওন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে নেটওয়ার্কটি চালু করা হয়।
গবেষণায় এ নেটওয়ার্কের প্রভাব নিয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আকাশ রহমান পিয়াম বলেন, “আমরা চেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন শতভাগ আধুনিক প্রযুক্তিগত সুবিধা গ্রহণের সুযোগ পায়। এই নেটওয়ার্ক উচ্চতর গবেষণা, অনলাইন ডেটা সংগ্রহ, আন্তর্জাতিক জার্নাল অ্যাক্সেস এবং ভার্চুয়াল বৈশ্বিক সহযোগিতাকে আরও সহজ করে তুলবে।”
তিনি আরো বলেন, “এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে নতুন মাত্রা যোগ হবে।”
এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শাওন উদ্দিন বলেন, “বর্তমান বিশ্ব অত্যন্ত দ্রুতগতিতে ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সমসাময়িক গবেষণা, বিশ্বব্যাপী জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেটের ভূমিকা এখন অপরিসীম।”
তিনি আরো বলেন, “আমরা এই আধুনিক নেটওয়ার্ক সেবা সবার জন্য উন্মুক্ত রাখতে চাই, যাতে এর সুফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকেরা সমানভাবে ভোগ করতে পারেন।”