ক্যাম্পাস

শিক্ষার মানোন্নয়নে অ্যালামনাই গুরুত্বপূর্ণ: ইবি ভিসি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুরুত্ব তুলে ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তুলতে অ্যালামনাই নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘অ্যাকাডেমিক অ্যান্ড স্কলারশিপ অ্যাওয়ার্ডিং-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এটি প্রাক্তন (অ্যালামনাই) ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক ও কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে। এ ধরনের গঠনমূলক উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিষয়ভিত্তিক আলোচনায় অধ্যাপক মতিনুর রহমান বলেন, “বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন—এই দুটি শাখার মধ্যে মৌলিকভাবে বড় কোনো বিভাজন নেই। উভয় ক্ষেত্রই ব্যবস্থাপনা ও নেতৃত্বের অভিন্ন দর্শনের ওপর প্রতিষ্ঠিত। তবে প্রয়োগক্ষেত্র ও কাঠামোগত দিক থেকে কিছু পার্থক্য রয়েছে।”

তিনি আরো বলেন, “ম্যানেজমেন্ট মূলত একটি সমন্বিত ব্যবস্থাপনা প্রক্রিয়া। অন্যদিকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি সাধারণ মানুষের কাছে কিছুটা আমলাতান্ত্রিক বা কঠোর মনে হতে পারে। কারণ এর সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনিক কাঠামো ও আইনশৃঙ্খলা ব্যবস্থার বিষয়গুলো জড়িত। তবে সমসাময়িক বিশ্বে এই ধারণা অনেক পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে এটিকে ‘নিউ পাবলিক ম্যানেজমেন্ট’-এর আলোকে নতুনভাবে ব্যাখ্যা করা হচ্ছে।”

জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সবাই কোনো না কোনোভাবে ব্যবস্থাপনা চর্চার সঙ্গে সম্পৃক্ত বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সানোয়ার জাহান ভূঁইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. আব্দুস শহিদ মিয়া।

এছাড়া, ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর মো. সাইফুল ইসলাম ও কলা অনুষদের সাবেক ডিন ড. এমতাজ হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ আয়োজনে ‘Challenges of the Fourth Industrial Revolution’ এবং ‘Strengthening the Bond between the Department and Alumni’ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভাগের কৃতী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়।