ক্যাম্পাস

জাবিতে সাংবাদিকদের দায়িত্ব পালনাকালে হেনস্তা, প্রতিবাদ ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বাধা ও হেনস্তার অভিযোগে উদ্বেগ জানিয়েছে শাখা ছাত্রদল। ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটি বলেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার (১৯ মে) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যৌথ বিবৃতিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের পরিবেশ ব্যাহত হওয়া উদ্বেগজনক এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।

নেতারা আরো বলেন, ভিন্নমত বা কোনো পরিস্থিতিকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পেশাগত দায়িত্ব পালনে বাধা কিংবা হেনস্তার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে মুক্তচিন্তা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার নিরাপদ ক্ষেত্র।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষার্থী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে ক্যাম্পাসে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।