ক্যাম্পাস

জুলাই গ্রাফিতি মুছতে দেওয়া হবে না: বেরোবি শিক্ষার্থীরা

জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রতিবাদ সমাবেশ ও গ্রাফিতি আঁকার কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনাকে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে জুলাই আন্দোলনভিত্তিক গ্রাফিতি আঁকা হয়।

সমাবেশে শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “জুলাইকে আমরা চোখের সামনে সংঘটিত হতে দেখেছি। জুলাইয়ের স্মৃতিগুলো এখনো সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে জ্বলজ্বল করছে। যখনই জুলাইকে মুছে দেওয়ার পরিকল্পনা করা হবে, তখনই সেই স্মৃতিগুলো আবার সামনে চলে আসবে। কারণ এ দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঝরিয়ে দেশকে বাঁচিয়েছে। জুলাই কোনো রাজনৈতিক দলের একার বিষয় নয়; এ দেশের ছাত্র-জনতাই জুলাই আন্দোলন ধারণ করবে এবং দীর্ঘায়িত করবে।”

শিক্ষার্থী রিশাদ নুর বলেন, “জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা মানে আমাদের কণ্ঠস্বর মুছে ফেলার চেষ্টা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার নতুন করে জুলাইয়ের গ্রাফিতি লেখার জন্য একত্রিত হয়েছি। আশা করি, দেশের মানুষও আবার এসব গ্রাফিতি আঁকা শুরু করবে এবং জুলাইয়ের চেতনা ফিরে আসবে।”

আশিকুর রহমান বলেন, “জুলাই আমাদের মনে করিয়ে দেয়, এ দেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। আমরা দেখেছি, সে সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও পুলিশ বাহিনী কীভাবে আমাদের ওপর নির্যাতন চালিয়েছিল। আবারও যদি সেই ধারার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তাহলে তা প্রতিহত করতে আমরা মাঠে থাকব।”

প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের একটি ফ্লাইওভারের পিলারে আঁকা ‘জুলাই বিপ্লবের’ গ্রাফিতি মুছে ফেলাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ১৪৪ ধারা জারি করে।