‘বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো’কে দুই দেশের শিক্ষা ও গবেষণাখাতের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. মো. শওকাত আলী।
বুধবার (২০ মে) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সিন্ডিকেট সভায় ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো’ অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ আয়োজনে উপলক্ষে পাকিস্তানের ২০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, “বর্তমান সময়ে উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরো বিস্তৃত করবে।”
পাকিস্তানের উচ্চশিক্ষার প্রকল্প পরিচালক জাহানজেব খান বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষাখাতের এই সমন্বয় তরুণ প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি জানান, পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা ও বৃত্তির সুযোগ দিতে প্রস্তুত। তার মতে, এই ‘নলেজ করিডোর’ দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করবে।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আয়োজিত ‘এডুকেশন এক্সপো’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য। দিনব্যাপী এ আয়োজনে পাকিস্তানের ২০টি বিশ্ববিদ্যালয় পৃথক স্টলের মাধ্যমে তাদের একাডেমিক কার্যক্রম, গবেষণা সুবিধা ও স্কলারশিপের তথ্য তুলে ধরে। শিক্ষার্থীদের মধ্যে এ আয়োজন নিয়ে ব্যাপক আগ্রহ ও সাড়া দেখা যায়।
উপাচার্য ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুই দেশের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও শিক্ষাখাতে সমন্বয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় পাকিস্তানের উচ্চশিক্ষার প্রকল্প পরিচালক জাহানজেব খান এবং পাকিস্তান হাইকমিশনের কাউন্সিলর কামরান দঙ্গল উপস্থিত ছিলেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধানরা এতে অংশ নেন।