ক্যাম্পাস

ইবির বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে নিহত ১

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘মুক্ত বাংল’ নামে একটি বাসের সঙ্গে নসিমন ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাসচালক ও হেলপারও আহত হয়েছেন।

বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শৈলকূপা থানার গাড়াগঞ্জসংলগ্ন বড়দাহ দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের বাসচালক ও হেলপারও আহত হন।

নসিমন চালক ইমরান (২৪) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টায় ‘মুক্ত বাংলা’ বাসটি ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফেরার পথে একটি নছিমনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় নছিমনচালক ইমরানকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুর রউফ বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমে আহত চালকের চিকিৎসার সব ব্যয় বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মতিনুর রহমান বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্তে দ্রুত প্রতিবেদন দিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নিহত ব্যক্তির চিকিৎসা, মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়া, দাফন-কাফন ও আনুষঙ্গিক খরচে প্রাথমিক সহায়তা করা হয়েছে।”