পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২২ ও ২৩ মে, ২৯ ও ৩০ মে এবং ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকবে। এছাড়া ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি পালন করা হবে। পরবর্তীতে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে।
আবাসিক হল বন্ধের বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, “পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের পাশাপাশি হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেউ হলে থাকতে চাইলে তাকে নিজ দায়িত্বে থাকতে হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, “অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা ২৪ মে থেকে ১১ জুন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে যাচ্ছি। এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে বিভিন্ন দপ্তর খোলা থাকবে।”