ক্যাম্পাস

তুরস্কে ‘জিরো ওয়েস্ট ফোরামে’ অংশ নেবেন ঢাবি উপাচার্য

বর্জ্যমুক্ত পরিবেশ গঠন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আন্তর্জাতিক আলোচনায় অংশ নিতে তুরস্ক সফরে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বুধবার (৩ জুন) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। তুরস্কের ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর সভাপতির আমন্ত্রণে আগামী ৫ থেকে ৭ জুন ইস্তাম্বুলে অনুষ্ঠিত এ ফোরামে অংশ নেবেন উপাচার্য।

বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ এ ফোরামে অংশ নেবেন। বর্জ্যমুক্ত পরিবেশ গঠন ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিনির্ধারকদের জন্য কার্যকর আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এ আয়োজন। পাশাপাশি বিভিন্ন খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন কৌশল অনুসন্ধানের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

সফরকালে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ফোরামের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি ‘জিরো ওয়েস্ট ফাউন্ডেশন’-এর কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

এছাড়া, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিতকরণ, সমতা প্রতিষ্ঠা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ‘জিরো ওয়েস্ট ফোরাম’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।

উপাচার্য আগামী ৯ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তার অনুপস্থিতিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।