প্রধান ফটকের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মেইন গেইট এলাকায় সব ধরনের দোকানপাট বসানো এবং যানবাহন পার্কিং নিষিদ্ধ করেছে প্রশাসন। এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের চলাচল আরো স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
রবিবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের মেইন গেইটের সামনের পরিবেশ রক্ষার্থে সেখানে সব ধরনের যানবাহন পার্কিং এবং দোকানপাট বসানো নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, “প্রধান ফটকের সামনে এলোপাথাড়ি দোকানপাট গেটের সৌন্দর্য নষ্ট করছিল। আগে ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে গেটে অনেক ভিড়ের সম্মুখীন হতে হতো। এখন দোকান ও পার্কিং বন্ধ হওয়ায় ভিড় কমেছে, আমাদের যাতায়াতে সুবিধা হচ্ছে। পাশাপাশি মেইন ফটকসংলগ্ন সড়কে কোনো অটোরিকশা বা রিকশা যাতে যানজট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।”