ক্যাম্পাস

ইবিতে হল কর্মকর্তাকে মারধরের অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিং সংস্কারকাজকে কেন্দ্র করে এক হল কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে।

রবিবার (৮ জুন) দুপুরে জিয়া হলের ডাইনিংয়ে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, জিয়া হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক সেলিম রেজা দায়িত্ব গ্রহণের পর হলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেন। এর অংশ হিসেবে প্রকৌশলী রাজীবের তত্ত্বাবধানে ডাইনিংয়ের উত্তর ও দক্ষিণ ব্লকে সংস্কারকাজ চলমান রয়েছে। এসব কাজের বিষয়ে কথা-কাটাকাটির জেরে হল কর্মকর্তা ও সংস্কারের দায়িত্বে থাকা এক শ্রমিকের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সেই শ্রমিক আলম মণ্ডল হল কর্মকর্তা আসলামকে মারধর করেন। পরে আহত অবস্থায় আসলাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নেন।

অভিযোগের বিষয়ে আলম মণ্ডল বলেন, “আসলাম আমার মাকে নিয়ে অশালীন মন্তব্য করায় আমি মেজাজ হারিয়ে তাকে আঘাত করি। সেও আমাকে মারার চেষ্টা করেছে। পরে আমি আমার ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চেয়েছি। ঘটনার জন্য আমি অনুতপ্ত।”

অপরদিকে হল কর্মকর্তা আসলাম বলেন, “দুপুর ১২টার পর আলম মণ্ডল হলে এসে ডাইনিংয়ের মধ্যে হৈচৈ শুরু করেন। একপর্যায়ে তিনি গালিগালাজ করতে থাকেন এবং তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমার ওপর অতর্কিত হামলা চালান। এতে আমি আহত হই এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছি।”

এ বিষয়ে জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক সেলিম রেজা বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”