ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছিল আফগানিস্তান। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তাই পায়নি আফগানরা। তাদের অল্প রানে গুটিয়ে দেওয়ার পর ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে বিশ্বকাপের স্বাগতিক দল। লন্ডনের কেনিংটন ওভালে সোমবার আগে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জেসন রয়ের ৪৬ বলে অপরাজিত ৮৯ রানের ঝোড়ো ইনিংসে ইংল্যান্ড সেটি পেরিয়ে যায় ১৭.৩ ওভারেই! টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯২ রানেই ৮ উইকেট হারিয়েছিল আফগানিস্তান। সেখান থেকে তাদের স্কোর দেড়শ পেরিয়েছে মূলত মোহাম্মদ নবীর কল্যাণে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪২ বলে ৩ ছক্কা ও এক চারে সর্বোচ্চ ৪৪ রান করেন নবী। ৫.৪ ওভারে ৩২ রানে ৩ উইকেট নেন শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ডাক পাওয়া পেসার জোফরা আর্চার। অফ স্পিনে ২২ রানে ৩ উইকেট নেন জো রুটও। ছোট লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন রয় ও জনি বেয়ারস্টো। দুজন ৭৭ রানের উদ্বোধনী জুটি গড়েন ওভারপ্রতি ১০ এর বেশি রান তুলে। বেয়ারস্টো নবীর অফ স্পিনে ৩৯ রানে ফিরলে ভাঙে জুটি। রুটকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন রয়। ৪৬ বলে ১১ চার ও ৪ ছক্কায় ৮৯ রান করেন এই ডানহাতি ওপেনার। ৩৭ বলে ৩ চারে ২৯ রান করেন রুট। ইংল্যান্ড তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ১২ রানে। আফগানদের হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটা জয় দিয়েই শেষ করল এউইন মরগানের দল। চোটের কারণে প্রথম ম্যাচ খেলতে না পারা মরগান খেলেছেন এদিন। একই মাঠে আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। আফগানিস্তানের প্রথম ম্যাচ ১ জুন ব্রিস্টলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/পরাগ