ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক উইয়ন মরগান।
উপমহাদেশের বাইরে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচটি আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙ্গা টিভি, স্টার স্পোর্টস ওয়ান ও টু।
১৯৯২ বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতেছিল ইংল্যান্ড। এরপর বিশ্ব মঞ্চে অসিদের আর হারানোর স্বাদ নেওয়া হয়নি তাদের। সবশেষ তিন দেখায় অস্ট্রেলিয়ার কাছে ২০০৩, ২০০৭ ও ২০১৫ আসরে হেরেছিল তারা। অর্থাৎ, ২৭ বছর ধরে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়হীন ইংলিশরা।
বিশ্বকাপের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে তাদের অর্জন ১০ পয়েন্ট। সমান ম্যাচে ৪ জয় ও ২ হারে ইংল্যান্ডের পয়েন্ট ৮। তাদের অবস্থান পয়েন্ট তালিকার চারে।
সেমিফাইনালের টিকিট পাওয়ার পথে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে অ্যারন ফিঞ্চের দল। এ ম্যাচে জয় পেলে তাদের সেমিতে জায়গা করে নেওয়াটা একরকম নিশ্চিতই হয়ে যাবে। বিপরীতে, কিছুটা চাপে আছেন উইয়ন মরগানরা। শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে লঙ্কানদের কাছে হেরে গেছেন তারা। হাতে থাকা তিন ম্যাচের তিনটিতেই কঠিন প্রতিপক্ষ তাদের সামনে। অস্ট্রেলিয়ার পর যথাক্রমে ভারত ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। এছাড়া দলের তারকা ক্রিকেটার জেসন রয়ের অনুপস্থিতিও কিছুটা চিন্তিত তারা। তাই এ ম্যাচে জয় দিয়ে চাপ হালকা করে নিতে চাইবে এবারের বিশ্বকাপের আয়োজকরা।
পরিসংখ্যান : মোট ম্যাচ: ১৪৭টি, অস্ট্রেলিয়া জয়ী: ৮১টি, ইংল্যান্ড জয়ী: ৬১টি, টাই: ২টি, পরিত্যক্ত: ৩টি।
বিশ্বকাপ পরিসংখ্যান : মোট ম্যাচ: ৭টি, অস্ট্রেলিয়া জয়ী: ৫টি, ইংল্যান্ড জয়ী: ২টি।
রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৯/শামীম