ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগেই ফেবারিটের তকমা গায়ে লেগেছিল তাদের। ইংল্যান্ডের হাতে শিরোপা দেখতে পাচ্ছিলেন অনেকেই।
সেই ইংল্যান্ডের এখন সেমিফাইনালে ওঠাই হুমকিতে পড়ে গেছে! বিশ্বকাপের স্বাগতিকদের এমন অবস্থা অবাক করেছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।
এজবাস্টনে রোববার বাঁচা-মরার ম্যাচে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচ হারলেই সেমিফাইনালের ভাগ্য আর তাদের হাতে থাকবে না।
ম্যাচের আগের দিন কোহলি বলেছেন, ‘সবাই বিস্মিত। আমরা ভেবেছিলাম, নিজেদের কন্ডিশনে ইংল্যান্ড আধিপত্য দেখাবে।’
‘তবে টুর্নামেন্ট শুরুর আগে আমি বলেছিলাম, চাপ একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।’
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে টানা দুই ম্যাচ হেরেছে ইংল্যান্ড। টুর্নামেন্টের শুরুর দিকে হেরেছে পাকিস্তানের কাছে।
সেমিফাইনালে যেতে হলে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচ তাদের জিততেই হবে। ইংল্যান্ড যদি পা হড়কায় তাহলে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যে কেউ শেষ চারে উঠে যেতে পারে। রাইজিংবিডি/ঢাকা/২৯ জুন ২০১৯/পরাগ