বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

এখনো সেরাটা বাকি অস্ট্রেলিয়ার: স্টার্ক

ক্রীড়া ডেস্ক : চলতি আসরে আট ম্যাচের সাতটিতেই জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে এ জয়ের পরও আত্মতুষ্টিতে ভুগছে না অসিরা। দলটির তারকা পেসার মিচেল স্টার্ক জানিয়েছেন, এখনো নাকি সেরাটা দেওয়ার বাকি রয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের।

প্রতিবেশি দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ৯২ রানে ৫ উইকেট পড়ে যাওয়ায় ব্যাটিং বিভাগের দুর্বলতাটা আরও চোখে পড়েছে প্রবলভাবে। তবে বোলারদের দাপটেই ফর্মে থাকা কিউদের বিপক্ষে জয় নিয়ে ফিরতে পেরেছে তারা। ওই ম্যাচে স্টার্ক একাই নেন ৫ উইকেট।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে অসি গতিতারকা স্টার্ক বলেন,  ‘আমরা এখনও সেরা পারফরম্যান্সের খোঁজে আছি। এখনও সেরা অবস্থানে পৌঁছাতে পারিনি। তবে তার ঝলক কিছুটা হলেও দেখাতে পেরেছি। ব্যাট, বল ও ফিল্ডিংয়ে সমান তালে সেরাটা দিতে পারছি না আমরা। তবে উন্নতির জায়গা এখনও রয়েছে এবং খেলোয়াড়রা সেগুলোতে ভালো করতে মুখিয়ে আছে।’

নিজেদের ম্যাচ পরিকল্পনা নিয়ে বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট নেওয়া স্টার্ক বলেন, ‘সেমিফাইনালেই আমাদের সেরাটা দিতে হবে। ফাইনালে হয়তো আরও ভালো কিছু হবে। এভাবে উন্নতি করতে হলে, ম্যাচের সময় পরিকল্পনাটা ভালো করে প্রয়োগ করতে হবে।’

বল হাতে আগুণের গোলা ছুটিয়ে নতুন এক রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন স্টার্ক। বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা অসি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার। ২০০৭ সালে একাই নিয়েছেন ২৬ উইকেট। স্বদেশি কিংবিদন্তির ওই রেকর্ড ভাঙতে আর মাত্র ৩ উইকেট দরকার স্টার্কের। তবে রেকর্ডে চোখ না রেখে বিশ্বকাপ ধরে রাখতেই বেশি মনযোগ স্টার্কের।

‘আসলে রেকর্ড কোনও কাজে আসবে না যদি বিশ্বকাপ না জিতি। তাই আমি এই গ্রুপে কার্যকরী ভূমিকা রেখেই খেলতে চাই। অধিনায়ক অ্যারন ফিঞ্চের নেতৃত্বে আমাদের দলটি আরও ভালো করতে আত্মবিশ্বাসী।’ রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/শামীম