বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

জিততে হলে রেকর্ড গড়তে হবে ভারতকে

ক্রীড়া ডেস্ক : জনি বেয়ারস্টোর সেঞ্চুরি এবং জেসন রয় ও বেন স্টোকসের ফিফটিতে ভারতকে বড় লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড।

এজবাস্টনে রোববার টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৩৭ রান করেছে ইংল্যান্ড। বিশ্বকাপে এত রান তাড়া করে জিততে পারেনি কোনো দল। সর্বোচ্চ ৩২৮ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে আয়ারল্যান্ডের। সেটা অবশ্য ইংল্যান্ডের বিপক্ষেই, ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে।

ভারত আজ নতুন রেকর্ড গড়তে পারবে?

ইংল্যান্ডের সংগ্রহটা আরো বড় হতে পারত। ত্রিশ ওভারেই মাত্র একটি উইকেট হারিয়ে দুইশ পেরিয়েছিল ইংলিশরা। এরপর ঘুরে দাঁড়ায় ভারত।

১০৯ বলে ১০ চার ও ৬ ছক্কায় ১১১ রান করেন বেয়ারস্টো। ৫৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রান করেন রয়। ৫৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন স্টোকস।

উদ্বোধনী জুটিতে রয় ও বেয়ারস্টো যোগ করেন ১৬০ রান। অথচ এ জুটি ভাঙতে পারত ৪৯ রানেই। তবে রয়কে কট বিহাইন্ড আউট দেননি আম্পায়ার। ভারতও নেয়নি রিভিউ।

৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার মোহাম্মদ শামি। ১০ ওভারে ৬৯ রানে ৫ উইকেট নেন তিনি। জাসপ্রিত বুমরাহ ১০ ওভারে ৪৪ রানে নেন একটি উইকেট। দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল ছিলেন খরুচে।

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/পরাগ