ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে এজবাস্টনে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। বাংলাদেশের বাঁচা মারার এ ম্যাচে জিতলেই সেমি নিশ্চিত ভারতের। দু দলের এমন লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে বলে মনে করেন ভারতীয় ধারাভাষ্যকার ও ক্রীড়া বিশ্লেষক সঞ্জয় মাঞ্জেরেকার।
গত কয়েক বছর ধরে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। প্রতিবেশী এ দুই দেশের লড়াইয়ের আগেও পড়ে সরগরম থাকে চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ ধারবাহিকতা আজ বিশ্বকাপের ম্যাচের আগেও। এ ম্যাচের আগে বাংলাদেশকে সহজভাবে না নিয়ে তুমুল লড়াইয়ের কথা বলেছেন মাঞ্জেরেকার। ভারত ফেবারিট হলেও বাংলাদেশ এ ম্যাচে ছাড় দেবে না বলে জানিয়েছেন তিনি।
‘বাংলাদেশ-ভারতের ম্যাচে ফেবারিট কোহলিরা। তবে, বাংলাদেশও খুব ভাল দল। অনেক উন্নতি করেছে। আর এবারের বিশ্বকাপে বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ম্যাচটা সহজ হবে না। বাংলাদেশ জেতার সর্বোচ্চ চেষ্টা করবে। কোহলির দলকে জিততে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। তাই দুই দলের লড়াইটা হবে বেশ আকর্ষণীয়।’
বাংলাদেশকে আত্মবিশ্বাসী দল বললেও ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ভারত ঘুরে দাঁড়াতে চাইবে বলে মনে করেন মাঞ্জেরেকার।
‘বাংলাদেশের আত্মবিশ্বাস এই মূহুর্তে বেশ উঁচুতে। ভালো খেলে তারা সবার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন। সম্প্রতি তাদের ধারাবাহিক পারফরম্যান্স ও ভারতের বিপক্ষে ভালো করার স্মৃতি তাদের অনুপ্রেরণা যোগাবে। তবে ভারত বড় দল। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়াতে চাইবে তারা।’
রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/শামীম