অর্থনীতি

মার্জিন ঋণের সুদ বাস্তবায়নে সময় চায় বিএমবিএ

মার্চেন্ট ব্যাংক থেকে দেওয়া মার্জিন ঋণের ওপর সুদ বা মুনাফা আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায়ের নির্দেশনা বাস্তবায়নের জন্য এক বছর সময় চায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।  এজন্য সংগঠনটি স্প্রেড আদায়ের নির্দেশনা বাস্তবায়নের জন্য সময় চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন জানিয়েছে।

বুধবার (২৪ মার্চ) বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি বিএসইসির চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।  বৃহস্পতিবার (২৫ মার্চ) এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মার্জিন ঋণের ওপর সুদ আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের স্প্রেড আদায়ের কার্যকারিতা ২০২১ সালের ১ জুলাইয়ের পরিবর্তে ২০২২ সালের ৩০ জুন থেকে কার্যকরের জন্য বিএসইসির কাছে আবেদন করা হয়েছে।

গত ৭ মার্চ বিএসইসি মার্জিন ঋণের ওপর সুদ বা মুনাফা আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সাথে যে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে তা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ জুলাই থেকে কার্যকর হবে বলে নির্দেশনা দেয় বিএসইসি।

এর আগে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায়ের বিষয়ে গত ১৩ জানুয়ারি একটি নির্দেশনা দিয়েছিল বিএসইসি। ওই নির্দেশনায় বলা হয়েছিল সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। কিন্তু ৭ মার্চ আরেকটি সার্কুলার জারি করে বিএসইসি জানিয়েছে এই নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর হবে।

এ বিষয়ে বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান বলেন, শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে বিএসইসির নির্দেশনা আমরা কার্যকর করবো। তবে এর জন্য আমাদের সময় প্রয়োজন। স্বল্প সুদে আমরা ঋণ পেলেই এটি কার্যকর করতে পারবো।