অর্থনীতি

প্রতিমণ ধানের দাম ১৫০০ টাকা নির্ধারণের দাবি বাসদের

বোরো ধানের দাম মণপ্রতি ১৫০০ টাকা নির্ধারণ ও প্রতি ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে প্রকৃত কৃষকের কাছ থেকে কমপক্ষে ৫০ লাখ টন ধান সরকারিভাবে ক্রয়ের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ।

শনিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান দলের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের হাওর অঞ্চলে ইতোমধ্যে ৪০ শতাংশ বোরো ধান কাটা হয়েছে। এখন পর্যন্ত সরকার ধান কেনার জন্য দাম নির্ধারণ করেনি। কৃষি সম্প্রসারণ বিভাগ, কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান বোরো ধানের উৎপাদন খরচ প্রতিকেজি গড়ে ২৬ টাকার বেশি পড়েছে বলে জানিয়েছে। সে ক্ষেত্রে উৎপাদন খরচের সঙ্গে ৪০ শতাংশ মূল্য সংযোজন করে ধানের দাম নির্ধারণ করতে হবে। এটা না করলে  কৃষক টিকে থাকতে পারবে না। ফলে ধানের দাম মণপ্রতি ১৫০০ টাকা নির্ধারণ করা উচিত।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, সরকার গত বছর ধানের দাম ২৬ টাকা কেজি অর্থাৎ ১০৪০ টাকা মণ নির্ধারণ করেছিল, কিন্তু খোলা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি থাকায় সরকারি গুদামে কৃষক ধান বিক্রি করেনি। তাছাড়া ধান কিনবো কম এবং চাল কিনবো বেশি- সরকারের এই ভুল নীতির কারণে চাতাল ও মিল মালিকরাও সরকারি গুদামে নির্ধারিত পরিমাণে চাল সরবরাহ করেনি। ফলে দেশে সরকারি মজুদ গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। আর এর সুযোগ নিয়ে ব্যবসায়ীরা সিন্ডিকেট কারসাজি করে চালের দাম ক্রমাগত বাড়িয়েছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এনেছে। 

বিবৃতিতে তিনি  বলেন, গত বছরের এই সময়ে খাদ্য মজুদ ছিল ১২ লাখ টন, এ বছর তা নেমে ৩ লাখ টনে ঠেকেছে। বিশেষজ্ঞরা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে কমপক্ষে ১৫ লাখ টন খাদ্য মজুদ থাকা উচিত। না হলে বাজারে অস্থিরতা তৈরি হতে বাধ্য।