অর্থনীতি

এসএস স্টিলে আর্থিক প্রতিবেদনে ডেফার্ড ট্যাক্স জটিলতা

শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিলের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ডেফার্ড ট্যাক্স সংক্রান্ত জটিলতা রয়েছে। একইসঙ্গে শ্রম আইন পরিপালন করেনি এসএস স্টিল কর্তৃপক্ষ।

কোম্পানির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এমন অডিট আপত্তি জানিয়েছেন কোম্পানিটির মনোনীত নিরীক্ষক ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের পার্টনার জে সি বিশ্বাস।

এ বিষয়ে অডিট আপত্তিতে তিনি জানান, আর্থিক হিসাবে দেখানো ৩০ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৮৮২ টাকার ‘ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিজ’ দেখানো হয়েছে। তবে যথাযথ তথ্য-উপাত্ত না থাকার কারণে ওই হিসাব অনিরীক্ষিত রয়েছে। ফলে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১২ অনুযায়ী ধারাটি যাথাযথভাবে পরিপালন না করায় অসমাপ্ত রয়েছে।

শ্রম আইন পরিপালন প্রসঙ্গে অডিট আপত্তিতে নিরীক্ষক জানিয়েছেন, শ্রম আইন অনুযায়ী প্রতি আর্থিক বছরে মুনাফার ৫ শতাংশ ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড ও বাংলাদেশ ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ডে দেওয়ার বিধান রয়েছে। হিসাব বছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে যা দিতে হয়। কিন্তু এসএস স্টিল কর্তৃপক্ষ বাংলাদেশ ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ফান্ডে কোনো অর্থ দেয়নি।

এছাড়াও শ্রম আইন অনুযায়ী, ১০০ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারীর কোম্পানির ক্ষেত্রে গ্রুপ ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক। তবে এসএস স্টিল কর্তৃপক্ষ ২০২০ সালের ৩০ জুন হিসাব বছরে তা নবায়ন করেনি। এমনকি গ্রাচ্যুইটি পলিসি পরিপালন করছে না এসএস স্টিল কর্তৃপক্ষ।